প্রিমিয়ার লিগের গত আসরে টানা দুই ম্যাচ জিততে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আলোচনায়ও ছিল না এই ক্লাবটি। এবার নতুন মৌসুমে শেখ জামাল টানা চার ম্যাচ জিতেছে। এটা একটা বড়ো প্রাপ্তি। গতকাল টানা চতুর্থ জয়ের ম্যাচে শেখ জামাল ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। প্রথমার্ধে ১-০, দ্বিতীয়ার্ধে ২-০। পাঁচ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১২। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত আরামবাগ ও সাইফ স্পোর্টিংয়ের খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফলে শেখ জামাল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক খেলা শেষে বললেন, ‘টপে উঠবে এটা দলের মধ্যে বাড়তি মনোভাব তৈরি করেছে। তবে আমি মনে করি না শীর্ষে উঠব বলেই আজ জিতলাম। খেলোয়াড়দের বাড়তি মনোভাব হওয়ার কারণও আছে, আমাদের লোকাল এবং বিদেশি ফুটবলারদের মধ্যে সমন্বয় হয়েছে, ভাগ্যটাও ভালো ছিল।’
ভাগ্য ভালো বলতেই হবে কারণ শেখ জামালের উইংব্যাক কেস্ট কুমার বোস তার পজিশন থেকে লং শট করেছেন শেখ রাসেলের বক্সে। সেই বলটা নিয়ে গাম্বিয়ান স্ট্রাইকার সলোমন কিং কনফাম ডিফেন্ডারকে ঘুরিয়ে পেঁচিয়ে ফেলে দিয়ে গোল করেন ১-০। দ্বিতীয়ার্ধে জাহিদের গোলমুখী বল গাম্বিয়ান ওমর জোবে গোল করেন ২-০।
জাহিদের অসাধারণ ফুটবল নৈপুণ্যে মুগ্ধ শেখ জামাল কর্মকর্তারা। ম্যাচ শেষে জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জাহিদকে বললেন ক্লাবে যেতে। সেখানে জাহিদের টাকা রেডি আছে। কিসের টাকা জানতে চাইলে ক্লাব সূত্রে জানা গেল জাহিদ তার বকেয়া পাবেন। দিচ্ছে না বলে খেলতেও চাচ্ছিলেন না। টাকা রেডি করে জাহিদকে মাঠে নামতে হয়েছে। জাহিদও প্রতিদান দিয়েছেন ভালো ফুটবল খেলে দলকে জিতিয়ে। কোচ মানিক বলছিলেন, ‘একটু আধটু ঝামেলা থাকে, সেগুলো সব ঠিক হয়ে যাবে। আমরা খেলায় মনোযোগী।’ মানিক বললেন, ‘আমি শিরোপার দাবিদার। পাবো কি পাবো না সেটা জানি না। আমার স্বপ্ন শিরোপা জয় করা।’
শেখ জামাল এবং শেখ রাসেল বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় চলছে। শেখ জামাল ভালো করলেও শেখ রাসেল তার উলটা পথে। গতবার ৩ নম্বরে ছিল। এবার সেটা পাওয়াত দূরের কথা ভালো কোনো পজিশনে থাকতে পারবে কি না আশঙ্কা। বিপলু, বিশ্বনাথ, ইয়াসিন খান, ফরোয়ার্ড সোহেল রানা গত লিগে খেলেছিলেন। আবার তারা বসুন্ধরায় খেলছেন। এই চার ফুটবলারের জায়গা পূরণ হয়নি। কর্মকর্তারা খেলোয়াড় সংগ্রহে দক্ষতার ছাপ রাখতে পারেননি। একজন ফুটবলার মন্তব্য করলেন, অগলু বগলু টগলু দিয়ে ফুটবল চলে না। কেস্ট লংবল ফেলবে আর সেটা গোলে পরিণত হবে এটা কি ধরনের ফুটবল। এমন গোল দেখে কোচ সাইফুল বারী টিটু হতাশ। মধ্যবর্তী দলবদলে বিদেশি তালিকায় পরিবর্তন চান টিটু।
আজকের খেলা :
পুলিশ ও রহমতগঞ্জ, ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
