২০১৮ সালের হ্যাশট্যাগ মি-টু ঝড়ে উত্তাল ছিল বিশ্ব। একে একে ফাঁস হতে থাকে হলিউডের বিত্তশালীদের ঘৃণিত নানা ঘটনা। আলোড়িত এ আন্দোলনের সবচেয়ে বড়ো সাফল্যটা বোধহয় গত বুধবার পেয়েছেন আন্দোলকারীরা। হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনইস্টাইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত।
আদালদের কাঠগড়ায় দাঁড়িয়ে বুধবারই কিছুক্ষণ কথা বলেছেন অস্কারজয়ী এ প্রযোজক। তবে তখন অন্যান্য দিনের মতো উচ্চস্বর ছিল না তার। তিনি মৃদু গলায় বলেন, ‘ওরা কেউ খারাপ মানুষ নন। তাদের প্রত্যেকের সঙ্গে আমার ভালো সময়, ভালো স্মৃতি রয়েছে। এই পরিস্থিতির জন্য আমি অনুতপ্ত।’
তিনি আরও বলেন, ‘সাজা শেষে শুধু ভালো মানুষ হওয়ারই চেষ্টা থাকবে।’ যারা তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন অপরাধের অভিযোগ এনেছিলেন তাদেরকে নিয়ে কোনো আগ্রাসী মন্তব্য করেননি ওয়েনস্টাইন।
এদিন যখন আদালত কক্ষ থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মাথা ছিল নিচু। অভিযোগকারীরা অবশ্য একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন। অবশেষে মিলেছে ন্যায় বিচার। এদিন শাস্তি ঘোষণার পর বিচারক জেমস বার্ক এ-ও জানান, মুক্তির পর ৫ বছর তত্ত্বাবধানে থাকতে হবে ওয়েনস্টাইনকে। উল্লেখ্য, বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে ধর্ষণ ও আঘাতের অভিযোগে গ্রেপ্তার হন বিখ্যাত ছবি ‘পাল্প ফিকশন’-এর প্রযোজক হার্ভে। সেই সব অভিযোগ আমলে নিয়েই চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করে নিউইয়র্কের আদালত। তবে শাস্তির মেয়াদ এত দীর্ঘ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন #মি-টু আন্দোলনের নেতানেত্রীরা।
