সম্মাননা পেলেন ৬৫ জন নারী

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:২৯

ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নিউজার্সির প্যাটারসনে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২০।

৭ মার্চ সন্ধ্যায় প্যাটারসন পাবলিক স্কুল ২৭-এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি ছিল তৃতীয় আসর।

এ বছর শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শিল্পকলা, শান্তি, চিকিত্সা, উদ্যোক্তা, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মোট ৬৫ জন নারীকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সি স্টেটের ডিস্ট্রিক্ট ৩৫-এর লেজিসলেটর ও সিনেটর নেলি পো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসাইক কাউন্টি ফ্রি হোল্ডার ডিরেক্টর স্যান্ডি লাজারা, ফ্রি হোল্ডার জন বার্টলেট, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহ, প্রসপেক্টপার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, প্রসপেক্টপার্ক সিটি কাউন্সিল প্রেসিডেন্ট আলা মাতারি, প্যাটারসন সিটি কাউন্সিলওম্যান অ্যাট লার্জ লিলিসা মিমস, কাউন্সিলওম্যান রুবি কটন, কাউন্সিলম্যান আনন্দ শাহ ও প্যাটারসন দ্বিতীয় ওয়ার্ড সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কারের জন্য মনোনীত নারীদের হাতে সম্মাননা স্মারক ও নিউজার্সি স্টেট সিনেট থেকে ইস্যুকৃত সাইটেশন তুলে দেন।

মাল্টিকালচারাল এ অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির উল্লেখযোগ্য পারফর্মাররা পারফর্ম করেন। বাংলাদেশ থেকে আগত নাজু আখন্দ, হিউস্টন থেকে আগত লাবণী, নিউইয়র্কের রাহমি খান, নিউজার্সির এম এ জুয়েল ও নাহিদ বাংলাদেশের জনপ্রিয় বেশকিছু গান পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজি আলম ও সোনিয়া সিরাজ। অনুষ্ঠানটি প্রসঙ্গে আয়োজক আনাম চৌধুরী বলেন, ‘গত ৩ বছর ধরে নারী দিবসের এই আয়োজন করে আসছি। উত্তর আমেরিকায় এটিই সবচেয়ে বড় আয়োজন। কারণ বাঙালি সাংস্কৃতিক উত্সবে আমরা প্রায় একই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। সেক্ষেত্রে এটি ভিন্ন আমেজ তৈরি করেছে প্রবাসীদের ভেতরে।’