ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে কিনা হাসপাতালে দেখতে গিয়ে গ্রেফতার ২ ভাই

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০০:১৩

ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করতে হাসপাতালে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো আপন দুই ভাই। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে আহতের স্ত্রী ফারজানা বাদী ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত  দুই ভাই মনির হোসেন (৩০) ও আলী হোসেন (২৭)। তাদের বাবার নাম ছাবের আলী। তারা বন্দর শান্তিনগর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে শহরের ১নং রেলগেট ফলপট্টি এলাকায় মজনুকে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মনির হোসেন ও আলী হোসেন। মজনুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী অফিসার এসআই নুরুজ্জামান জানান, ছুরিকাঘাতের ঘটনায় ৫জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় মনির হোসেন ও আলী হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/আরকেজি