১৪ বছরে বৈশাখী টেলিভিশন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৯

সফলতার ১৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে ২৭ ডিসেম্বর বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান দিয়ে। সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘১৪ বছরে বৈশাখী’ শুরু হবে সকাল ৮টা ২৫ মিনিটে, চলবে দুপুর ২টা পর্যন্ত। আফরিন অথৈ ও তাসনুভা মোহনার উপস্থাপনায় গান গাইবেন ১৭ জন কণ্ঠশিল্পী। এদের মধ্যে ফকির শাহাবুদ্দীন, অলক সেন, দেবলিনা, রাফাত, বিন্দু কনা, দোয়েল, হৈমন্তী, স্মরণ, উপমা, স্নিগ্ধা , শিল্পী বিশ্বাস, দীপা, অঙ্কন, ইউসুফ, তিন্নি ও সাগর। সংগীতানুষ্ঠান ছাড়াও রাতে প্রচারিত হবে তিনটি একক নাটক। রাত ৮টায় রয়েছে পার্থ বড়ুয়া, তিশা, মইন অভিনীত ‘স্বপ্নযাত্রা’। মহিউদ্দিন আহমেদের চিত্রনাট্য ও সংলাপ রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার অভিনীত অ্যাকশন নাটক ‘ফুড স্টেশন অ্যাটাক’। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। রাত ১১টায় প্রচারিত হবে ‘গ্যাঁড়াকল’। সঞ্জয় সমদ্দারের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, সজল, পিয়া বিপাশা, জোভান, জামিল হোসেন প্রমুখ। নাটক ছাড়াও রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত দুটি সিনেমা। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’। এ ছবিতে আরও অভিনয় করেছেন নিপুণ, কেয়া, ববিতা ও মিশা সওদাগর। রাত ১২ টায় রয়েছে ‘যদি বউ সাজো গো’। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের জন্য এ এক বড়ই আনন্দের দিন। ১৩টি বছর পেরিয়ে আসা একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনো যারা আছেন, তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যদিও বৈশাখী টেলিভিশন এ প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কোনো আয়োজন করছে না তথাপি পর্দায় যে আয়োজন থাকছে তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।’