ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধক্ষমতা হ্রাসে প্রতিনিধি পরিষদেও প্রস্তাব পাশ

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০০:৩১

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা হ্রাসে একটি প্রস্তাব পাশ করেছে প্রতিনিধি পরিষদ। এর আগে সিনেটেও একই প্রস্তাব পাশ হয়েছিল। প্রস্তাবটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্বাক্ষরের জন্য যাবে। কিন্তু প্রেসিডেন্ট আগেই বলেছেন, এই প্রস্তাবে তিনি ভেটো দেবেন।—খবর আল-জাজিরার

প্রতিনিধি পরিষদে ২২৮-১৭৫ ভোটে পাশকৃত প্রস্তাবের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারবে না। এছাড়া ২০০২ সালে ইরাকে আক্রমণের যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাও বাতিল হয়েছে ২৩৬-১৬৬ ভোটে। ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নিন্দা জানিয়ে গত ৯ জানুয়ারি ২২৪-১৯৪ ভোটে একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাশ হয়। গত ১৩ ফেব্রুয়ারি সিনেটে ৫৫-৪৫ ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা কমাতে প্রস্তাব পাশ হয়। এ সময় আট রিপাবলিকান সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো ক্ষমতা রদ করতে হলে পরিষদ ও সিনেটে দুই তৃতীয়াংশ ভোট পক্ষে পড়তে হবে।