এরশাদ-বিদিশার ছেলে এরিক এরশাদের ১৯তম জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন বড়ো ভাই সাদ এরশাদ এমপি। বুধবার রাতে বারিধারায় প্রেসিডেন্ট পার্কে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ আয়োজিত এই অনুষ্ঠানে এরশাদ-রওশনের ছেলে সাদ এসেছিলেন স্ত্রীকে নিয়ে। সাদের মাধ্যমে টেলিফোনে এরিককে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তবে এরশাদের মৃত্যুর পর এরিকের প্রথম জন্মদিনের এই অনুষ্ঠানে যাননি তার চাচা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের।
অনুষ্ঠানে এসিছেলেন এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ারও। বিদিশাকে সাদ ও আসিফের সঙ্গে পৃথকভাবে দীর্ঘক্ষণ আলাপ করতেও দেখা গেছে। গত ২৮ ডিসেম্বর জাপার নবম কাউন্সিলের পর দলের প্রেসিডিয়াম থেকে জি এম কাদের যাদের বাদ দিয়েছিলেন তাদের মধ্যে দলটির প্রবীণ নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মেজর (অব.) খালেদ আখতার (হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট্রের চেয়ারম্যান), ফখর উজ্জামান জাহাঙ্গীর ও কাজী মামুনুর রশীদও এসে এরিককে শুভেচ্ছা জানান। আরো কয়েক জন নেতা অনুষ্ঠানে উপস্থিত না হলেও বাহক মারফত উপহার পাঠিয়েছেন, কেউ কেউ ফোনে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত থাকা জাপার একাধিক নেতা জানান, এরিকের জন্মদিনের অনুষ্ঠানে, বিশেষ করে সাদ ও আসিফের উপস্থিতি এরশাদ পরিবার আর জাপার রাজনীতির জন্য একধরনের সংকেত বহন করছে।
জন্মদিনের কেকের ওপর ছিল এরশাদের ছবিসংবলিত লেখা ‘আমার জীবন ও কর্ম’ বইয়ের মলাটের এবং এরিকের ছবি। কেকটির ডিজাইন করেন এরিকের মা বিদিশা। রাত ৮টায় বিদিশা, সাদ দম্পতি ও আসিফ শাহরিয়ারকে নিয়ে কেক কাটেন এরিক। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এতে এরিক ছাড়াও গান পরিবেশন করেন সাদি মহম্মদসহ কয়েক জন জনপ্রিয় শিল্পী। এরিককে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্, সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ, সামিনা চৌধুরী প্রমুখ। ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজসহ বিশিষ্টজনেরাও।
জাপায় দুটির বেশি পদে থাকতে পারবেন না কেউ
এদিকে গতকাল বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে তার বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য, সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও সংসদ সদস্যদের যৌথ সভা হয়েছে। সভা শেষে পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সংবাদ ব্রিফিংয়ে বলেন, জাপার কোনো নেতা দুইয়ের অধিক পদে থাকতে পারবেন না, সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে পার্টির চেয়ারম্যান কাউকে অতিরিক্ত পদে দায়িত্ব দিতে পারবেন।
