টম হ্যাঙ্কস ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০০:৪১

অস্কার বিজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী রিটা উইলসনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে ৬৩ বছর বয়স্ক হ্যাঙ্কস এ খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা এখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থান করছেন। সেখানে তাদের এই ভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা চিকিত্সকের শরণাপন্ন হন। টম হ্যাঙ্কস জানিয়েছেন, ‘তারা এজন্য আইসোলেশনে থাকবেন।’ খবর বিবিসির

রক আইকন এলভিস প্রিসলির জীবন নিয়ে সিনেমা বানানোর কাজে বর্তমানে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থান করছেন টম হ্যাঙ্কস দম্পতি। ইনস্টাগ্রামে হ্যাঙ্কস লিখেছেন : ‘আমরা কিছুটা ক্লান্ত বোধ করছি। সামান্য ঠান্ডা লেগেছে এবং শরীরে ব্যথা ও অল্প জ্বর রয়েছে।’ হ্যাঙ্কস জানিয়েছেন, ‘আমরা সঠিক কাজটি করেছি। পরীক্ষায় আমাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী এই অভিনেতা পোস্ট করেছেন যে, তাদের শারীরিক অবস্থার বিষয়ে তারা নিয়মিত খবর জানাতে থাকবেন। তিনি লিখেছেন : ‘জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন আমরা হ্যাঙ্কস পরিবার ততদিন নিয়মিত পরীক্ষা করানো, পর্যবেক্ষণের মধ্যে থাকা এবং বিচ্ছিন্নভাবে বসবাস করব।’ স্থানীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে যে টম হ্যাঙ্কস যেই সিনেমার কাজ করছিলেন, সেটির কাজ আপাতত স্থগিত রয়েছে।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৩০ জনের মধ্যে এই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর শতাধিক দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে চার হাজারেরও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর বিস্তারকে এরই মধ্যে মহামারি বলে ঘোষণা দিয়েছে।