ইরাকে রকেট হামলায় দুই মার্কিনি ও এক ব্রিটিশ নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০০:৪২

ইরাকে রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ নিহত হয়েছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। বুধবার রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।—খবর বিবিসি ও রয়টার্সের

যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানায়, নিহত দুই মার্কিনীর মধ্যে একজন সৈন্য ও অপরজন ঠিকাদার। আর বাকি একজন ব্রিটিশ সৈন্য। ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘাঁটিটিতে ১০৭ মিলিমিটার ব্যাসের ১৮টি কাতিউশা রকেট আঘাত হেনেছে এবং সেগুলো সম্ভবত একটি ট্রাক থেকে ছোড়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জোট বাহিনী ও ইরাকি নিরাপত্তা বাহিনীগুলো হামলার ঘটনাটি তদন্ত করছে।’ হামলার জন্য তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি। তবে এতে ইরান সমর্থিত মিলিশিয়ারা জড়িত এমন কোনো ইঙ্গিত পাওয়া গেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে কথা বলেছেন। তারা হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহিতে বাধ্য করা হবে বলে ‘একমত’ হয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যে ব্রিটিশ সৈন্য নিহত হয়েছে তিনি রয়েল আর্মি মেডিক্যাল কোরের সদস্য। এতে আরো বলা হয়েছে, বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ ধরনের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন।