করোনা ভাইরাস

কোয়ারেন্টাইন ও মিথ্যা রটনা নিয়ে সতর্ক করল সরকার

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০০:৫৫

করোনা ভাইরাস মোকাবিলায় কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলার পাশাপাশি মিথ্যা তথ্য দেওয়া বা গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এ ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে কেউ ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’ ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশ ফেরত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনের শর্ত ঠিকভাবে পালন করছেন না। অনেকেই মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে বর্ণিত আইন অনুযায়ী এবং নির্দেশিত পন্থায় যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছে। ব্যত্যয়ের ক্ষেত্রে আইনের সংশ্লিষ্ট শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘মহামারি’ বলার পর বৃহস্পতিবার জনস্বার্থে আইনের প্রয়োগ বিষয়ে এই ‘গণবিজ্ঞপ্তি’ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।