৬৬ বছরে গানের কিংবদন্তি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫০

সা ই ফু ল  ই স লা ম

 

আলাউদ্দীন আলী। বাংলাদেশের সংগীতাঙ্গনের এক অনবদ্য সুর সম্র্রাটের নাম। তার হাতে সৃষ্টি হয়েছে এদেশে অসংখ্য জনপ্রিয় গান। গীতিকবিদের কবিতা আর আলাউদ্দীন আলীর মনকাড়া সুর শিল্পীদের কণ্ঠে হয়ে উঠেছে অনন্য। যে কারণে একজন সুরকার হিসেবে এখন পর্যন্ত বরেণ্য এই সংগীত পরিচালক পেয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর একবার গীতিকবি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বরেণ্য এই সংগীত পরিচালকের জন্মদিন ছিল গত মঙ্গলবার। জন্মদিনের শুরুর প্রহরটা পরিবারের সঙ্গে কাটান তিনি। ওইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন। এরপর বাকি সময়টুকু রাজধানীর রামপুরাতে নিজ বাসভবনেই কাটান। আলাউদ্দীন আলী বলেন, ‘সত্যি বলতে কী মন ও শরীর দুটোর কোনোটাই ভালো নেই। আমজাদ ভাই চলে যাওয়ার পর থেকে ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কারণ আমরা একসঙ্গে অনেক অনেক সিনেমায় কাজ করেছি। তিনি এভাবে হুট করে চলে যাবেন, কল্পনাও করতে পারিনি। যাই হোক আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, আরও ভালো কিছু কাজ আমি আমার সংগীতাঙ্গনকে দিয়ে যেতে পারি।’ আলাউদ্দীন আলী জানান তার স্ত্রী ফারজানা আলী মিমি ও আদরের ছোট মেয়ে রাজকন্যার সঙ্গেই সময় কাটিয়েছেন। সম্প্রতি সিটি ব্যাংক থেকে বিশেষভাবে সম্মানিত হন আলাউদ্দীন আলী। আলাউদ্দীন আলীর জন্ম পুরাণ ঢাকার নাজিমুদ্দিন রোডে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তার চাচা ওস্তাদ সাদেক আলীর কাছেই তিনি প্রথম বেহালা বাজাতে শিখেন। আলাউদ্দীন আলী যখন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়েন সে সময় তার লেখা ও সুর করা গানে প্রথম কণ্ঠ দেন খুরশীদ আলম। পরিণত বয়সে তার প্রথম সুর ও সংগীত করা গানটি হলো বিল্লাহর কণ্ঠে ‘ও আমার বাংলা মা তোর আকুল করা’। মুক্তা চৌধুরী পরিচালিত ‘এক ঝাক বলাকা’ সিনেমায় পরে গানটি সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় কাজ করার জন্য প্রথম সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মইনুল হোসেনের ‘প্রেমিক’ সিনেমায় ‘আমার মনের ভেতর অনেক জ্বালা আগুন হয়ে জ্বলে’ গানটির জন্য গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তারই সুর-সংগীতে গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মীর মোহাম্মদ হালিম পরিচালিত ‘সন্ধিক্ষণ’ সিনেমার জন্য প্রথম তিনি সুরকার হিসেবে কাজ শুরু করেন।