বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে

জেমস অব নজরুলের শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:২৩

বিনোদন রিপোর্ট

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেমস অব নজরুল বাংলাদেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নির্মিত হয়েছে একটি বিশেষ মিউজিক ভিডিও ‘আত্মা অনিরুদ্ধ’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত গান, প্রার্থনা সংগীত ‘জাগো অমৃত পিয়াসী’ এবং জাগরণী সংগীত ‘জয় হোক সত্যের জয়’ নিয়ে ৫০ জন সংগীত ও ৫০ জন নৃত্যশিল্পীর সমন্বয়ে তৈরি করা হয়েছে মিউজিক ভিডিওটি। জেমস অব নজরুলের এটি ১১তম প্রযোজনা।

এটির পরিকল্পনা, পরিচালনা ও সম্পাদনা করেছেন নজরুল পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক।  এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী শাহীন সামাদ, ডালিয়া নওশিন, সাদিয়া আফরিন মল্লিক, ফাতেমা তুজ জোহারা, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী, শেলু বডুয়া, জোসেফ কমল রড্রিক্স, ইয়াসমিন মুশতারী, করিম হাসান, নাসিমা শাহিন, আফসানা রুনা, তানজিনা করিম স্বরলিপি, শাহিদ কবির পলাশসহ বর্তমান সময়ের অনেকে। 

নৃত্য পরিচালনা করেছেন দুই বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ। সংগীত আয়োজনে ছিলেন প্রখ্যাত সংগীত পরিচালক ইবরার হোসেন টিপু। ভিডিওটি চিত্রায়িত হয়েছে ঐতিহাসিক সংসদ ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল প্রাঙ্গণে। এটি প্রচারিত হবে ১৭ মার্চ চ্যানেল আইতে ১২টা ০১ মিনিটে। এছাড়াও একইদিন বিভিন্ন সময়ে অন্যান্য চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে। অনুষ্ঠানটি সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।