বাম্পার ফলনের আশা
কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনা জেলার কয়রা উপজেলায় উন্নত জাতের গম চাষ হচ্ছে। খরচ কম ও স্বল্প পরিশ্রমে ভালো ফলন ও দাম পাওয়ায় স্থানীয় কৃষক এ গম চাষে ঝুঁকছেন। কয়রার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জনপদের অধিকাংশ জমি আমন ধান কাটার পরে খালি পড়ে থাকে। সেখানে মাত্র একটি সেচ প্রয়োগ করে গমের ফসল ফলানো সম্ভব। ২ নম্বর কয়রা গ্রামের কৃষক মো. শফি শেখ বলেন, এলাকার জমিতে আমন ধান কাটার পর খালি পড়ে থাকত। কিন্তু এ বছর কৃষি গবেষণার সহযোগিতায় আমি পাঁচ বিঘা জমিতে গম চাষ করে ভালো ফলন পাব বলে আশা করছি। ধানের চেয়ে গম আবাদ লাভজনক হওয়ায় এ কাজে ঝুঁকে পড়েছি। বিঘাপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ করে ১৩ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব হবে। অপর এক কৃষক জিয়াদ আলী বলেন, এলাকায় ইঁদুর গমের অনেক ক্ষতি করে। তবে কৃষি গবেষণার সহযোগিতায় সেটা দমন করতে পেরেছি।
এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী মো. জাহিদ হাসান বলেন, কয়রায় লবণাক্ত এলাকার মধ্যে গমের চারটি জাত নিয়ে গবেষণা করা হচ্ছে। এর ভিতরে বারি গম-২৫ ও বারি গম-৩৩ এর ফলন ভালো হয়েছে। সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ বলেন, যে সব জমি ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চাষের উপযুক্ত হয় এবং এক থেকে দুইটি সেচের ব্যবস্থা থাকলে অনেক জমিতে গমের আবাদ বাড়ান সম্ভব। সরেজমিন গবেষণা বিভাগ কয়রা কৃষকদের উন্নতিকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষক আগ্রহী হয়ে উঠেছে।
