তামাবিল স্থলবন্দরে হ্যান্ডহেল্ড থার্মোমিটার
সিলেট অফিস
করোনা ভাইরাস শনাক্ত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। এ স্ক্যানার দিয়ে সব যাত্রীকেই পরীক্ষা করা হচ্ছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, গত বুধবার থেকে এটি চালু করা হয়। এর আগে ওসমানী বিমানবন্দরে বসানো থার্মাল স্ক্যানারটি বিকল হওয়ার কারণে হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে যাত্রীদের দেহের তাপমাত্রা পরীক্ষা করতে হতো। এতে সময় ব্যয় হতো বেশি। বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্তু ৫৯৭ জন যাত্রীকে পরীক্ষা করা হয়।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল চেকপোস্ট ইমিগ্রেশনে এবার ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে তামাবিল স্থলবন্দরে আগত সবকটি ভারতীয় ট্রাকের চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব বলেন, প্রতিদিনই ভারত থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কয়লা ও পাথরবোঝাই ট্রাক। এসব ট্রাকের চালকরা ভারতের বাসিন্দা। তারা ভুটান এবং নেপালেও যাতায়াত করে থাকেন। এ কারণে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, হ্যান্ডহেল্ড থার্মোমিটারের মাধ্যমে ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তামাবিল স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগে দুজন নিয়োজিত থাকলেও এখন লোকবল বাড়িয়ে চার জন করা হয়।
