মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪ বসতঘর

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২০

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মহানন্দাবাদ গ্রামের মাতু ভূইয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুর ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন : মো. দিদার, সুফিয়ান, শেখ ফরিদ, ইরান, মো. মিজান, মো. ওয়ারেতউল্লাহ, মো. নুরুন নবী, মো. বাচ্চু, মো. হক সাবেহ, মো. আইয়ুব খান, মো. সরুজ মিয়া, মো. বাদশা, মো. হাসান ও মো. শাহজাহান।

এ ব্যাপারে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গির আলম জানান, অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. দিদার ইত্তেফাককে জানান, অগ্নিকাণ্ডের সময় বাড়ির বাইরে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার পুরো বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। আরেক ক্ষতিগ্রস্ত সুফিয়ান ইত্তেফাককে বলেন, আমার নগদ ৪ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের হাত থেকে কিছুই রক্ষা করা যায়নি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ইত্তেফাককে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে এরই মধ্যে আমরা জেলা অফিসে পাঠিয়ে দিয়েছি। জেলা অফিস থেকে সহযোগিতা পাওয়া মাত্রই তা ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করে দেওয়া হবে।