সিলেটে আন্তর্জাতিক হোলি উত্সব সম্পন্ন

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২০

সিলেট অফিস

নগরীর মণিপুরী রাজবাড়ির মহাপ্রভু মন্দির প্রাঙ্গনে শুক্রবার আন্তর্জাতিক হোলি উত্সব সম্পন্ন হয়েছে। একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (এমকা)-র উদ্যোগে ও ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট-এর সহায়তায় নগরীর মণিপুরী রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে আয়োজিত হোলি উত্সবের কর্মসূচির মধ্যে ছিলো—আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হোলি পালা ও গোষ্ঠলীলা, নিপা পালা ও নিত্যরাসলীলা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ভারতের মণিপুর, শান্তি নিকেতন-কলকাতা, বাংলাদেশের ঢাকা সিলেট ও মৌলভীবাজারের নৃত্যশিল্পীরা।

তিনটি অধিবেশনে বিভক্ত হোলি উত্সব সকাল ৯টায় উদ্বোধন করেন প্রথম অধিবেশনের প্রধান অতিথি সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি। হোলি উত্সবের আহ্বায়ক ও একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (এমকা)-র সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপি পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জি ও সিসিক কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু । রাতে ছিলো উত্সবের সমাপনী অধিবেশন।