মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে স্থানীয় সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবেই বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ। তিনি বলেন, ‘একদিকে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি, অপরদিকে একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের দোসররা। যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধেই আজ সংস্কৃতিকর্মীদের মাঠে নামতে হয়েছে। আমরা কোনোভাবেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় দেখতে বা নির্বাচিত হতে দিতে পারি না।’
কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট নেতা অভিনেতা শাহআলম দুলাল, জেলা সাংস্কৃতিক জোট আহ্বায়ক আবদুন নূর ও কর্মসূচি সমন্বয়ক মো. মনির হোসেন। ঢাকার শিল্পী হিসেবে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, লাভলী দেব, দিলবাহার খান ও রেজাউল কবীর সুমন। স্থানীয়ভাবে সমবেত সঙ্গীত পরিবেশনায় অংশ নেয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী এবং সমবেত আবৃত্তি পরিবেশন করে তিতাস আবৃত্তি সংগঠন ও আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্র। মাইম শো পরিবেশন করে ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নবনীতা রায় বর্মণ, একক আবৃত্তি পরিবেশন করেন প্রবর্তক আবৃত্তিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সোহেল আহাদ। পরে সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
