সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২৩

বিলুপ্ত ছিটমহলে ঘর ও শিক্ষার্থীর

মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ভিতরকুটি বাঁশপচাই সাবেক ছিটমহলের ছয়টি পরিবারকে শুক্রবার ঘর নির্মাণ, দুটি টিউবয়েল, তিনটি স্যানেটারি ল্যাট্রিন, দুটি সেলাই মেশিন ও সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা পেরাগন এর অর্থায়নে ও লালমনিরহাট রোটারি ক্লাবের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ঢাকা পেরাগন এর প্রেসিডেন্ট হাফিজুল্লাহ বুলবুল।

বিডি আইসিটি ইনস্টিটিউট উদ্বোধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়ায়) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কসবায় শুক্রবার বিডি আইসিটি ইনস্টিটিউট উদ্বোধন করা হয়। পুরাতন বাজারের ইকু প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিডি আইসিটির প্রতিষ্ঠাতা মো. সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহসাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ।

রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নতুন তেঁতুলিয়ায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় সংশ্লিষ্ট পৌর ওয়ার্ড কাউন্সিলর আফতাফ উদ্দিন, কার্যসহকারী হাবিবুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্যানিটারি ন্যাপকিন বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে বৃহস্পতিবার কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্যোগে ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৭০০ শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান।

কটকা ট্রাজেডি দিবস পালিত

খুবি সংবাদদাতা কটকা ট্রাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শোকদিবস পালিত হয়েছে। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন ও বুয়েটের দুই জনসহ মোট ১১ জন শিক্ষার্থী সাগরে ডুবে মারা যান।

সুশাসনের জন্য কৌশলপত্র যোগাযোগ শীর্ষক কর্মশালা শুরু

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে শুক্রবার সুশাসনের জন্য কৌশলপত্র যোগাযোগ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন ও বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) এই কর্মশালার আয়োজন করে। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) উপপরিচালক (অর্থ) ও কর্মশালা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর ব্যবসায়ী সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। চাটমোহর পুরাতন বাজার কালিসাগর পাড়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী। সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আ. মুতালিবের সঞ্চালনায় সভার প্রথম পর্বে অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল প্রমুখ।

শতাধিক ভূমিহীন পরিবার পেল জমি

বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বাকেরগঞ্জের শতাধিক ভূমিহীন পরিবারের মধ্যে খাস কৃষি জমি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এই জমি হস্তান্তর করেন। এদিকে সরকারি খাস জমির কাগজপত্র হাতে পেয়ে ভূমিহীন পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলার ভূমি অফিস চত্বরে খাস জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. মানিক হোসেন মোল্লা।

করোনা সচেতনতা বিষয়ে আলোচনা সভা

পাবনা প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ও করোনা সচেতনতা বিষয়ে শুক্রবার পাবনায় ‘উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনার জালালপুরে রত্নদীপ রিসোর্টে সভার আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) পাবনা শাখা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। বিডিএমএ পাবনা জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।

নদীভাঙন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরের ধরাভাঙ্গা, মুক্তারামপুর, নূরজাহানপুর ও সোনাবালুয়া গ্রামের নদীভাঙন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার। বড়িকান্দি বাঁধে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনশক্তি মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক মাহবুুবর রহমান প্রমুখ

 

 

০