নিউ ইয়র্কে ফিলিপাইনের এক কূটনীতিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নগরীর জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালন করা এই প্রথম কোনো কূটনীতিক এ মহামারি ভাইরাসে আক্রান্ত হলেন। বৃহস্পতিবার কূটনীতিক সূত্র এ কথা জানায়। খবর এএফপির।
গত সোমবার এ কূটনীতিক সর্বশেষ জাতিসংঘ সদর দপ্তরে যান। এর পরের দিনই তার জ্বর হয় এবং তিনি ডাক্তার দেখান। জ্বর হচ্ছে করোনা ভাইরাসের একটি উপসর্গ। ফিলিপাইন মিশনের এক চিঠিতে বলা হয়, ‘আজ তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।’ মিশনের চিঠিতে বলা হয়, ‘ঐ দিনই ফিলিপাইন মিশন বন্ধ করে দেওয়া হয় এবং এর সব কর্মকর্তা-কর্মচারীকে স্বউদ্যোগে কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’ এ কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে কাজ করেন। এ কমিটি আইনগত বিভিন্ন বিষয় দেখভাল করে। এ পর্যন্ত ফিলিপাইনে ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬০০ জনের বেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
