স্থগিত হয়ে গেল আইপিএল

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৪

করোনা ভাইরাস আতঙ্ক

স্পোর্টস রিপোর্টার

থমকে যাচ্ছে গোটা বিশ্ব; থমকে যাচ্ছে ক্রীড়াবিশ্বও।

একটার পর একটা খেলার আয়োজন বন্ধ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ হয়ে আসছে খেলার দুনিয়াটাও। ইউরোপের বড়ো বড়ো সব ফুটবল লিগ বন্ধ হয়ে গেছে। এবার সেই পথ ধরে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করে দেওয়া হলো।

১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের খেলা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের সচিব জয় শাহ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিসিআই করোনা ভাইরাসের এই ব্যাপারটি নিয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল।

বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিসিআই সবসময় তার সব শরিকের ব্যাপারে খুব স্পর্শকাতর। বিশেষ করে জনস্বাস্থ্যকে তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে। তারা আইপিএল ও খেলাটির সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপদ রাখার লক্ষ্যে এবং নিরাপদ ক্রিকেটীয় অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

আগের দিনই ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী আভাস দিয়েছিলেন, দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে এবারের আইপিএল। তবে দর্শকশূন্য মাঠে আয়োজনেও কিছু প্রতিবন্ধকতা ছিল। আইপিএলের বড়ো আকর্ষণ হলো ভিনদেশি ক্রিকেটার ও কোচরা। তারা এই সময়ে হাজির হতে পারতেন না। এজন্য আপাতত আসর পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল সৌরভ গাঙ্গুলির কমিটি।

বিসিসিআইয়ের পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা সরকারের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন, ‘বিসিসিআই ভারতের সরকারসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগগুলোর সঙ্গেও পরামর্শ করা হয়েছে।’

বিসিসিআই শুরুতে খেলা চালিয়ে যাওয়ারই পক্ষে ছিল। কিন্তু বিভিন্ন ফ্রাঞ্চাইজির পক্ষ থেকেই আসলে এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়ায় আপত্তি তোলা হয়। এর মধ্যে কয়েকটি ভেন্যুতে আবার ম্যাচ আয়োজনের অনুমতিও দেবে না বলে জানিয়ে দিয়েছিল বিভিন্ন জায়গার প্রাদেশিক সরকার।

 বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ এই অবস্থায় বৈঠক করে সিদ্ধান্ত নেন। আজ আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা ছিল। তার বদলে সভাপতি ও সচিব আজকে আট ফ্রাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তারা টুর্নামেন্ট পরে কবে করা যায়, সূচি কী হতে পারে; এসব নিয়ে আলাপ করবেন। এবার ২৯ মার্চ থেকে মাঠে গড়ানোর কথা ছিল আইপিএলের ১৩তম মৌসুম। কিন্তু সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেটা শঙ্কায় পড়ে যায়। বিশেষ করে কেন্দ্রীয় সরকার গণজমায়েত ও এই ধরনের আয়োজন না করার জন্য বলায় শঙ্কা তৈরি হয়।