আর্সেনাল কোচ আক্রান্ত
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলো ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে আছেন আর্সেনাল কোচ মাইকেল আরতেতা ও চেলসি উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোই।
ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ অংশীদারদের সঙ্গে বৈঠকের পর সর্বসম্মতভাবেই প্রিমিয়ার লিগটি ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।’
এভার্টন ক্লাব জানিয়েছে, তাদের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার পর পুরো দল ও কোচিং স্টাফদের স্বেচ্ছা সঙ্গহীন পরিবেশে থাকতে বলা হয়েছে। লেস্টার সিটিও গত বৃহস্পতিবার তিন খেলোয়াড়কে স্বেচ্চা সঙ্গহীন রাখে। একই পরিস্থিতিতে রাখা হয়েছে বোর্নমাউথের গোলরক্ষক আর্টুর বোরুচ ও চার কোচিং স্টাফকে।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ‘এছাড়া আমরা মাইকেল আরটেটা ও ক্যালাম হাডসন-ওডোই এবং অন্য যারা করোনায় আক্রান্ত, তাদের জন্য শুভকামনা জানাচ্ছি, যাতে তারা দ্রুত সেরে ওঠেন। এ ধরনের অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা আমাদের ক্লাব, সরকার, এফএ ও ইএফএলের সঙ্গে মিলে কাজ করছি। আমরা সবাইকে এটাও আশ্বস্ত করতে চাই যে খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের স্বাস্থ্য ও কল্যাণই আমাদের অগ্রাধিকার।’
নিচের দিকের তিনটি লিগও স্থগিত করা হয়েছে গতকাল। এ মাসের শেষে ইটালি ও ডেনমার্কের বিরুদ্ধে নিজেদের মাঠে অনুষ্ঠেয় ইংল্যান্ডের দুটি প্রীতি ম্যাচও স্থগিত রাখা হয়েছে।
আর্সেনাল ক্লাব গতকাল শুক্রবার তাদের কোচ মাইকেল আর্তেতার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। যেসব ক্লাব কর্মকর্তা আর্তেতার সংস্পর্শে ছিলেন, তারাও নিজেদের কোয়ারেন্টাইনে নিয়েছেন।
এদিকে আর্সেনাল ও চেলসির পাশাপাশি লেস্টার সিটি ও ম্যানচেস্টার সিটিও এই করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেস্টারের খেলোয়াড়েরা এ কারণে নিজেদের সঙ্গহীন করেছেন। ম্যানচেস্টার সিটির এক খেলোয়াড় ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডিকেও স্বেচ্ছা সঙ্গহীন পরিবেশে নেওয়া হয়েছে। কেননা, তার পরিবারের একজন শ্বাসতন্ত্রের সমস্যায় আছেন।
এদিকে ফরাসি ফুটবলও স্থগিত করা হয়েছে।
