করোনা ভাইরাসে আক্রান্ত যারা

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপটা ক্রীড়াবিশ্বও হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিশ্ব জুড়ে খেলাধুলার অসংখ্য আসর এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন ক্রীড়াবিদও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এদের মধ্যে আছেন শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন পরিচিত মুখ।

মিকেল আর্তেতা (আর্সেনালের কোচ)

করোনা ভাইরাসে আর্সেনাল কোচ আক্রান্ত হওয়ায় এরই মধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আর্সেনালের সব খেলোয়াড়কে।  স্থগিত করা হয়েছে আর্সেনালের ম্যাচও।

ক্যালাম হাডসন ওডোই (চেলসির খেলোয়াড়)

চেলসির খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

ড্যানিয়েল রুগানি (জুভেন্তাস খেলোয়াড়)

রক্ষণভাগের এই খেলোয়াড় আক্রান্ত হওয়ায় জুভেন্তাসের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।

ট্রে থম্পকিন্স (রিয়াল মাদ্রিদের বাস্কেটবল খেলোয়াড়)

রিয়াল মাদ্রিদের এই বাস্কেটবল খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। এর কারণে বাস্কেটবল দল তো বটেই, ফুটবল দলের সবাইকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ম্যানোলো গ্যাবিয়াদিনি (সাম্পদোরিয়া খেলোয়াড়)

ইতালিতে করোনা তীব্র আকার ধারণ করেছে। আক্রান্ত হয়েছেন সাম্পদোরিয়ার ইতালিয়ান স্ট্রাইকার ম্যানোলো গ্যাবিয়াদিনি।

জেমস হর্ন ও টিমো হুবার্স (হ্যানোভার)

দুদিন আগে হ্যানোভারের ২৩ বছর বয়সি ডিভেন্ডার টিমো হুবার্স করোনা ভাইরাস টেস্টে পজিটিভ এসেছেন। বুন্দেসলিগা দলের আরো এক সদস্য জেমস হর্নও করোনায় আক্রান্ত।

ডনোভান মিশেল ও রুডি গোবার্ট (উতাহ জ্যাজের বাস্কেটবল খেলোয়াড়)

আমেরিকান পেশাদার বাস্কেটবল ক্লাব উতাহ জ্যাজের দুই খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে বাস্কেটবলের এনবিএ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সব আসর বন্ধ করে দেওয়া হয়েছে।

দিমিত্রি স্ট্রাকভ ও ফার্নান্দো গ্যাভিরিয়া (সাইক্লিস্ট)

তাদের মধ্যে আছেন রাশিয়ান সাইক্লিস্ট দিমিত্র স্ট্রাকভ, কলম্বিয়ার সাইক্লিস্ট ফার্নান্দো গ্যাভিরিয়া  করোনায় আক্রান্ত হয়েছে। দুজনই সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সংক্রমিত হন।