পিএসএল ছাড়ছেন বিদেশিরা

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আসা বিদেশি অনেক তারকা খেলোয়াড় ও কোচ পাকিস্তান ছাড়তে শুরু করেছেন। অ্যালেক্স হেলস, রাইলি রুশো, জেসন রয়ের মতো অন্তত ১০ জন খেলোয়াড় পাকিস্তান ছেড়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

করাচিতে খেলা শুরু হওয়ার আগে কোচ ও খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই করাচিতে এখন পর্যন্ত ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের বলেছে, তারা চাইলেই চলে যেতে পারেন; কোনো ব্যবস্থা তাতে নেওয়া হবে না। তবে দর্শকশূন্য অবস্থায় খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে পিসিবি।

পেশোয়ার জালমির কোচ জেমস ফস্টার পিএসএলের বাকি অংশে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া করাচি কিংসের অ্যালেক্স হেলস, মুলতান সুলতানসের রাইলি রুশো ও জেমস ভিন্স, পেশোয়ার জালমির টম ব্যান্টন, কার্লোস ব্রাথওয়েট, লিয়াম ডসন, লুইস গ্রেগরি ও লিয়াম লিভিংস্টোন, কোয়েট্টা গ্লাডিয়েটর্সের জেসন রয় ও টাইমাল মিলস টুর্নামেন্ট ছেড়ে গেছেন।

 পিসিবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিদেশি খেলোয়াড় ও কোচরা চাইলে নিজেদের প্রত্যাহার করে নিতে পারেন, ‘সকল খেলোয়াড় ও সাপোর্ট স্ট্যাফকে এইচবিএল পিএসএল ২০২০ থেকে নাম প্রত্যাহারের সুযোগ করে দেওয়া হলো।’

তবে টুর্নামেন্ট আগের মতোই চলবে। আগেই পিসিবি জানিয়েছিল, এই পিএসএলের খেলা দর্শকশূন্য স্টেডিয়ামে হবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দলগুলো এই চলে যাওয়া খেলোয়াড়দের বদলি নিতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো খেলোয়াড় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হননি, ‘পিসিবি পরিস্থিতি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করতে থাকবে। আর দলগুলোর মালিকদের সঙ্গে কথা বলে সময় অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এটা নিশ্চিত করা যাচ্ছে যে, কোনো খেলোয়াড় পরীক্ষায় (ভাইরাস) পজিটিভ নন। এটা খুবই পরিবর্তনশীল ও নজিরবিহীন একটা পরিস্থিতি। ফলে আমাদের এই পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকতে হবে।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, খেলোয়াড় ও সাপোর্ট স্ট্যাফদের মানসিক শান্তির কথা ভেবেই তারা এভাবে চলে যাওয়ার অনুমতি দিয়েছে, ‘আজ পিসিবি ও দল মালিকরা তাদের দেখভালের দায়িত্ব হিসেবেই সিদ্ধান্ত নিয়েছে যে, তারা যে কোনো খেলোয়াড়কে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেবে। কারণ, আমরা খেলোয়াড়দের স্বচ্ছন্দ রাখার নিশ্চয়তা দিতে চাই।’

তবে এখন পর্যন্ত পিসিবি সামনের পাকিস্তানের ঘরোয়া এক দিনের টুর্নামেন্ট ও বাংলাদেশের বিপক্ষে খেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।