ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

একদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার পর ২৪ ঘণ্টাও পার হলো না। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল, করোনা ভাইরাসের এই মারাত্মক সময়ে তারা সিরিজটাই আপাতত স্থগিত করে দিচ্ছে।

বিসিসিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিসিআই ও সিএসএ শুক্রবার যৌথভাবে জানিয়েছে যে, চলমান ওয়ানডে সিরিজটি নতুন করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণে পুনর্বিন্যাস করা হবে। দক্ষিণ আফ্রিকা এরপর পরে কোনো একসময় পুরো তিনটি ম্যাচ খেলতেই আবার ভারত সফরে আসবে। বিসিসিআই ও সিএসএ এ নিয়ে কাজ করবে।’

এই বিবৃতি মতে বাতিল হওয়া দুটি ম্যাচ নয়, পুরো তিনটি ওয়ানডেই নতুন করে খেলবে দুই দল। কারণ, প্রথম ম্যাচটি ধর্মশালায় বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। এই দিনই আগের দিকে বিসিসিআই আরেকটি বিজ্ঞপ্তিতে আইপিএলের খেলা স্থগিত করে।

বিসিসিআই জানিয়েছে তারা স্বাস্থ্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এসব সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম ওয়ানডেটি ধর্মশালায় বাতিল হয়েছিল। যদিও সরকারের গণজমায়েত করার নিষেধাজ্ঞা থাকার পরও সে ম্যাচে বেশ দর্শক হয়েছিল। ফলে মানুষের ঝুঁকি কমাতেই এই ধরনের সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড।