পুলিশের বাধা পেরিয়ে রহমতগঞ্জের বাড়ি ফেরা

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩৭

রহমতগঞ্জ ২ পুলিশ ০

স্পোর্টস রিপোর্টার

ছুটির দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল দর্শকের সংখ্যা বেশিই হয়। করোনা ভাইরাসের আতঙ্ক রয়েছে। লোকসমাগম হতে দূরে থাকার পরামর্শ চিকিত্সকদের। তার পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রাতে হাজারখানেক দর্শক উপস্থিতি ফুটবলে বাড়তি উত্তেজনা দিয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং পুলিশের খেলার শেষ দিকে দুই দলের কয়েক জন ফুটবলারের সঙ্গে বাগিবতণ্ডা এবং হালকা হাতাহাতি সবার নজর মাঠের দিকে চলে যায়। তার পরও ভাগ্য ভালো খুব বেশি এগোয়নি। তবে বড়ো দলের খেতাব পেলেও ম্যাচটায় শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়ে ফিরতে হয়েছে পুলিশকে। রহমতগঞ্জ ২-০ গোলে পুলিশকে হারিয়েছে।

ম্যাচের ৪৪ মিনিটে রহমতগঞ্জের উজবেক ফুটবলার তুরায়েভ আকোবির গোল করেন ১-০। গোল হজম করে পুলিশ একাধিকবার গোল শোধ করার সুযোগ পেয়েছিল। কিন্তু পুলিশের বিদেশি ফুটবলাররা সুযোগ তুলে নিতে পারেনি। এটা তাদেরই ব্যর্থতা। গোল ফিরিয়ে ম্যাচটা তুলে নেওয়ার সুযোগ না নিতে পারার দায় পুলিশের—একথা সহজেই বলা যায়। রহমতগঞ্জ ফুটবলাররা বদ্ধপরিকর ছিলেন। তারা তো আগেই বড়ো বড়ো সব ম্যাচ পার হয়ে এসেছেন। এখন পয়েন্ট তুলে নেওয়ার পালা। কিন্তু পুলিশকে ২-০ গোলে হারিয়ে এভাবে মূল্যবান পয়েন্ট তুলে নিতে পারবেন সেটা ম্যাচ শুরু হওয়ার আগেও ভাবেননি কোচ গোলাম জিলানী। ১-০ গোলে পিছিয়ে থাকা পুলিশ মাথা গরম করে খেলতে গিয়ে উলটো গোল হজম করল খেলার শেষ বাঁশি বাজার আগে। কাউন্টার আক্রমণে রহমতগঞ্জের সানোয়ার গোল (২-০) করলে পুলিশের সব চেষ্টা বৃথা যায়। রহমতগঞ্জের ৬ খেলায় ২ জয়ে ৭ পয়েন্ট। পুলিশের পয়েন্ট ৫ খেলায় ১ জয়ে ৫ পয়েন্ট। 

আজকের খেলা

মোহামেডান ও উত্তর বারিধারা ক্লাব, ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।