লিগ কমিটির জরুরি সভা আজ
স্পোর্টস রিপোর্টার
দেশের ফুটবলের প্রথম শ্রেণির ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ করোনা ভাইরাস আতঙ্কের কারণে শুধু ঢাকায় আয়োজন করা যায় কি না তা নিয়ে আজ লিগ কমিটির জরুরি সভা বসছে। ঢাকায় যদি খেলা হয়ও, সেটা হতে পারে গেটবন্ধ স্টেডিয়ামে। এ ব্যাপারে অবশ্য বিভিন্ন ক্লাবের বিভিন্ন মত। শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্মকর্তা সালেহ জামান সেলিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা চান হোম ভেন্যু যদি বাতিল করা হয় তাহলে সব খেলা ঢাকায় হতে হবে। কিছু খেলা এখন ঢাকায় হবে আবার কিছু বাইরে হবে সেটা তারা চান না। সেলিম বলেন, ‘ঢাকায় খেলা হলে একবারেই ঢাকায় হওয়ার উচিত। সব খেলা ঢাকায় হলে আপত্তি নেই।’
সিলেটে শেখ রাসেলের ভেন্যু। মুক্তিযোদ্ধার ভেন্যু গোপালগঞ্জে, কুমিল্লায় মোহামেডানের। নীলফামারীতে বসুন্ধরা কিংসের ভেন্যু, ময়মনসিংহে সাইফ স্পোর্টিংয়ের ভেন্যু। ঢাকায় ব্রাদার্সের ভেন্যু হলেও ব্রাদার্সের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে বলেছেন,‘ঢাকায় সব ম্যাচ হলে কীভাবে হবে সেটা আমি বুঝতে পারছি না। জাতীয় দলের খেলা নেই বলে এখন এটা করা হচ্ছে কিন্তু ঠিকভাবে ম্যাচগুলো হবে কি না তা বুঝতে পারছি না।’
আমেরের আশঙ্কা হচ্ছে সবগুলো খেলা এখন হয়ে গেলে পরে কিভাবে সমন্বয় করা হবে তা নিয়ে একটা শঙ্কা থেকে যায়। তবে কে কি বললো তা নিয়ে ভাবছেন না বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঢাকার বাইরের যেসব ভেন্যু রয়েছে তা বাদ দেওয়া যাবে না। বিশেষ করে বসুন্ধরা নিজেদের ভেন্যুতে গিয়ে খেলতে চায়।
ইমরুল হাসান বলেন,‘আমরা এটা মেনে নেব না। করোনাই যদি কারণ হয় তাহলে সেটা ঢাকায় ঝুঁকি বেশি।’ তিনি বলেন,‘ঢাকায় যদি দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা হয় তাহলে আমাদের ভেন্যু আমরা দর্শকবিহীন করে খেলব।’
