করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন থাকার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে করোনা ভাইরাস যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। এ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দ্বিবার্ষিক সম্মেলন যখন হচ্ছে, তখন সাংবাদিকতা সম্ভবত সবার চেয়ে চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো রাষ্ট্রের কাঠামো এবং সরকারের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। এছাড়া প্রযুক্তির কারণেও চ্যালেঞ্জ পেতে হচ্ছে। নিউজ পেপারে যারা কাজ করছেন তারা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাংবাদিকদের সব সময় শ্রদ্ধার চোখে দেখে। ভাষার জন্য আন্দোলনে, গণতান্ত্রিক ও স্বাধীনতার লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকা ছিল অভূতপূর্ব। কিন্তু এখানে জীবন ও আর্থিক নিরাপত্তা নেই। সর্বোপরি লেখা ছাপা হওয়ার পর মামলা হবে নাকি গুম হয়ে যেতে হবে—তারও কোনো নিশ্চয়তা নেই।
ডিইউজে একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
