বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় পর্যটন শিল্পে ধস নেমেছে। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটক আগমনে নিয়ন্ত্রণ আরোপ করছে। মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী এই খাত সংশ্লিষ্ট ৫ কোটি মানুষ বেকার হওয়ার আশঙ্কা করেছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)। কাউন্সিলের প্রধান নির্বাহী গ্লোরিয়া গুয়েরার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পর্যটন শিল্প হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। হোটেল রেস্তোরাঁসহ পর্যটন শিল্পে বড়ো ধাক্কা আসছে। শুধু এবছরই এই শিল্প ২৫ ভাগ পর্যন্ত সংকুচিত হয়ে যেতে পারে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতির উন্নতি হলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
বিশ্বের সব বিমান সংস্থা তাদের ফ্লাইট কমিয়ে এনেছে। শুধু চীনের বিমানসংস্থায় গত মাসে যাত্রী কমেছে ৮৪.৫ শতাংশ। ফলে দেশটির ২১ বিলিয়ন ইয়েন ক্ষতি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বেই পর্যটন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাজ্যে গতবছর সেপ্টেম্বরে শুধু চীন থেকে সোয়া ৪ লাখ পর্যটক এসেছিল।
