হেনা ১৫ বছর পর ফিরলেন সেলিম রেজা হয়ে

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২২:২৬

কিশোরী সেরেলা আক্তার হেনা দীর্ঘ প্রায় ১৫ বছর পর গ্রামের বাড়ি শিবচরে ফিরেছে পুরুষ হয়ে। সঙ্গে স্ত্রী ও সন্তান। তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে শত শত উত্সুক মানুষ ভিড় করছে।

জানা গেছে, উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের সেকান্দার খানের মেয়ে সেরেলা আক্তার হেনা প্রায় ১৫ বছর আগে বাবা-মায়ের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকা চলে যান। আট বছর আগে তিনি নিজের শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। যান চিকিত্সকের কাছে। চিকিত্সক জানাল হরমোনজনিত কারণে এই পরিবর্তন। তাদের পরামর্শে ওষুধ খাওয়া শুরু করলে তিনি ধীরে ধীরে পুরুষে রূপান্তরিত হন। পাঁচ বছর আগে নিজের নাম পরিবর্তন করে হন সেলিম রেজা। বর্তমানে তার বয়স ৩০ বছর। বিয়েও করেন তিনি। তার ছোটো একটি ছেলে রয়েছে। এক সপ্তাহ আগে সেলিম তার স্ত্রী ও সন্তান নিয়ে গ্রামের বাড়ি আসেন। তাকে দেখতে প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম থেকে উত্সুক মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

প্রতিবেশী আসমা বেগম বলেন, সেলিম আগে মেয়ে ছিল। নাম ছিল হেনা। আমাকে নানি বলত। আমার কাছে অনেক থাকত। ঢাকা যাওয়ার পর সেখানেই ওর শারীরিক পরিবর্তন হয়েছে। ও বিয়ে করে স্ত্রী ও সন্তান নিয়ে কয়েক দিন হলো গ্রামে এসেছে।

সেলিম রেজা বলেন, আমি মেয়ে হয়েই জন্মগ্রহণ করেছিলাম। তবে যখন থেকে একটু বুঝতে শিখি তখন লক্ষ্য করতাম অন্য মেয়েদের মতো আমার মেয়েলি পরিবর্তন হচ্ছে না। হরমোনজনিত হোক বা যে কোনো রোগের জন্য হোক সৃষ্টিকর্তা আমাকে মেয়ে থেকে পুরুষে রূপান্তরিত করে দিয়েছেন। আমি বিয়ে করেছি। আমার একটি ছেলেও রয়েছে। এক জন পূর্ণাঙ্গ পুরুষ যেভাবে চলাফেরা করে আমি সেভাবেই চলাফেরা করছি।