নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোভেল করোনা ভাইরাস (কভিড-১৯) সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা করা হয়। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা—এসব পন্থা অবলম্বনের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। ঠান্ডা গলাব্যথা কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে অতিসত্বর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। ডা. শহিদুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আমাদের হাসপাতালে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আইসোলেশন কক্ষ ও ওয়ার্ড ব্যবস্থা রাখা হয়েছে এবং বিদেশফেরতদের নিবন্ধন করা হচ্ছে ও তাদের জন্য কোয়ারেন্টাইন স্থাপনা করে ১৪ দিন তাদেরকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
