চাঁদপুরের হাজীগঞ্জে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ছাত্রী নিয়ে পালিয়ে যাওয়া মুসলিম শিক্ষক শরীফ হোসেনকে (৩১) কারাগারে পাঠিয়েছে আদালত। উদ্ধারকৃত ছাত্রীকে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের একটি আদালতে এদেরকে নেওয়া হলে আদেশ প্রদান শেষে শিক্ষক কারাগারে আর ছাত্রীটিকে গাজীপুর পাঠানোর প্রক্রিয়া চলছে বলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানিয়েছেন।
একই ঘটনায় আটক শিক্ষক শরীফ হোসেনের বোন জামাই মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত বুধবার কুমিল্লা থেকে শিক্ষক শরীফ হোসেন, তার বোন জামাই ও ছাত্রীকে নিয়ে আসে হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ একটি দল। প্রযুক্তির সহায়তায় এদেরকে আটক করা সম্ভব হয়েছে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার শিক্ষক ও ছাত্রীকে চাঁদপুরের আদালতে নেওয়া হলে শিক্ষক শরীফ হোসেন ও তার বোন জামাই মনির হোসেনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় আদালত। ছাত্রীটিকে আদালত গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রদান করে।
