মুজিববর্ষ উপলক্ষ্যে ৬৪ জেলায় থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। ‘মুজিববর্ষে দৃঢ় হোক শপথ, থ্যালাসেমিয়া রোগ করব প্রতিরোধ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি ৬৪ জেলায় বিনা মূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুফতি মুনসুরার রহমান, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সরকারের সাবেক সচিব আকতার মমতাজ, অধ্যাপক ডা. মনজুর মোরশেদ প্রমুখ।
