ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি আজ দেশে ফিরছেন

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০০:২২

ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর আজ দেশে ফিরছেন চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এরপরই তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকালে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছাড়বেন তারা। তাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাবেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। কোয়ারেন্টাইনে থাকার সময় হাইকমিশন ক্যাম্পের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে এবং তাদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছে।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা হয়। এ ২৩ বাংলাদেশির বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সঙ্গে শিশুও আছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। বাংলাদেশ সরকারের অনুরোধে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।