শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আলী আহাদকে রুমে গিয়ে মারধর ও হল থেকে সিট ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ৩১৫ নম্বর রুমে এ ঘটনা ঘটান সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর অনুসারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, সিট বণ্টন নিয়ে কিছুদিন ধরে কোন্দল চলছিল। বৃহস্পতিবার রাতে শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. শামীম হাসান নবাব সিরাজউদ্দৌলা হলের ২০১ নম্বর রুমে উঠতে গেলে সভাপতির অনুসারীরা বাধা দেন। এসময় কথা-কাটাকাটির জের ধরে রাতে শাখা ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আলী আহাদের বিছানাপত্র ফেলে দেওয়া হয় এবং গতকাল দুপুরে ঘুমন্ত অবস্থায় মারধর করা হয়। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, আলী আহাদ এক সিনিয়রের কলার ধরে। এই বেয়াদবির জন্য তাকে ঐ সিনিয়রের কাছে ক্ষমা চাইতে বলা হলে সে তা না মানায় তার বিছানাপত্র সিনিয়ররা ফেলে দেয় বলে শুনছি। মারার বিষয়ে আমি কিছু জানি না।
