মানুষের শরীরে ৩৭ দিন থাকতে পারে করোনাভাইরাস

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৭:৪৮

প্রাণঘাতী করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তার শরীরে করোনার জীবাণু ৩৭ দিন পর্যন্ত থাকতে পারে।  নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চীনের চিকিৎসকেরা এ সংক্রান্ত এক প্রতিবেদন লিখেছে যা ল্যানসেট মেডিক্যাল জার্নাল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার ২০ দিন পরে অনেকের শ্বাসনালীতে করোনাভাইরাসের আরএনএ চীনা চিকিৎসকেরা শনাক্ত করেছে। 

নতুন এই গবেষণার ফলে করোনায় আক্রান্ত কোনও ব্যক্তিকে কতদিন আইসোলেশনে রাখা হবে, তা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে করোনায় আক্রান্ত হলে ১৪ দিন আইসোলেশনে রাখা হয়।  

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো।  সেইসঙ্গে আক্রান্ত ১ লাখ ৪০ হাজারের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরতিবেদনে বলা হয়, শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৯ শ' ৫৫ জন।  শুক্রবারই ইতালিতে একদিনে রেকর্ড ২৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ইরানও শুক্রবার নতুন করে ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।

এছাড়া শুক্রবার জন হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪ শ' জনের।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। ডব্লিউএইচও কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে। সূত্র: ব্লুমবার্গ

ইত্তেফাক/এসআর