অথচ, কতো কিছুই আপনার অজানা...

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:৪১

আগামীকাল সবার প্রিয় ঠাট্টার জন্মদিন! এ উপলক্ষেই ঠাট্টার কিছু অজানা ও চমকপ্রদ তথ্য জানিয়েছেন শিমুল শাহিন

 

১. জন্মের পরপর অন্যসব পিচ্চির মতো ঠাট্টা ‘উয়া, উয়াও’ করে কাঁদেনি!

২. জন্মের পরপরই সদ্য প্রসূতের পেছনে ডাক্তার, নার্স বা ধাত্রী চাপড় মারে! কিন্তু ঠাট্টা এক্ষেত্রে ব্যতিক্রম। জন্মের পর বি.স ঠাট্টাকে এমন চাপড় মারেনি!

৩. জন্মদিন এলে যার জন্মদিন তার কাছে সবাই ট্রিট চায়, কিন্তু ঠাট্টার জন্মদিনে কেউ ঠাট্টার কাছে ট্রিট চায় না!

৪. ঠাট্টার বয়সের সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু ফিটনেসে সে আগের মতোই! এককথায়, ঠাট্টার অনন্ত যৌবন!

৫. সরকারি চাকরির আশায় সবাই দু’তিন বছর বয়স কমায়, ঠাট্টা তার বয়স কমায়নি!

৬. ঠাট্টা অন্যদের মতো রেস্টুরেন্টের চিপায় গিয়ে গার্লফ্রেন্ডের সাথে কেক কেটে জন্মদিন পালন করে না!

৭. ঠাট্টার বছরে একটাই জন্মদিন!

৮. ঠাট্টার জন্ম না হলে অনেকেরই দাঁতে মরিচা লেগে যেত!

৯. ‘শুভ জন্মদিন, দোয়া করি জল্লাদের মতো একটা বউ পাবি’— এমন শুভেচ্ছাবার্তা লিখে না কেউ ঠাট্টার জন্মদিনে!

১০. কেক কাটার পর ঠাট্টার গালে কেক মাখিয়ে দেয় না কেউ!

১১. যততম বার্থডে ততটি গোলাপ গিফট না পেলে অভিমান করে না ঠাট্টা!

১২. ‘আজ জন্মদিন তোমার’ গানটি বাজানো ছাড়াও ঠাট্টার জন্মদিন দেদারসে পার হয়!

১৩. ঠাট্টা গিরগিটির মতো রং বদলায় না! জন্মের পর থেকে আজ পর্যন্ত একইরকম ভাবে ঠাট্টা করেই আসছে!

রাজশাহী।