আজ ঠাট্টার ১২ বছর পূরণ হলো। সেই হিসেবে বয়ঃসন্ধি পার করছে ঠাট্টা। ঠাট্টা রম্য ম্যাগাজিন না হয়ে যদি কোনো রাজনৈতিক নেতা হতো এবং উনি তার ক্ষমতার ১২ বছর পূর্ণ করত সেক্ষত্রে ফেসবুকে কমেন্ট সেকশনে আপামর জনতা ঠাট্টাকে কেমনভাবে শুভেচ্ছা জানাত সেসবই জানাচ্ছেন আল সানি
তেলবাজ নেতা :ভাই আপনার ১২ বছরে এলাকাতে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। ১২ বছরে প্রতি রবিবার যখন আপনি আসেন তখন মনে হয় যেনো উন্নয়ন বেয়ে বেয়ে পরছে।
অতিউত্সাহী ছাত্রনেতা :ঠাট্টা ভাই, আপনি আমাদের আইডল, আপনার প্রতিটা পদক্ষেপ আমাদের অনুপ্রেরণা। জুগ জুগ জিও ঠাট্টা ভাই ।
কতিপয় ট্রিটখোর বন্ধু :কি রে নেতা, দেখাই তো পাওয়া যায় না তোর। ১২ বছর পার করা উপলক্ষে একটা ট্রিট দে। কবে আসব বল?
বিরোধী মতের দুষ্টু লোক :অসাধুপায় অবলম্বন করে ১২ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন, জনগণকে ভয় করেন। গজব সুনিশ্চিত।
ঠাট্টার প্রতিদ্বন্দ্বী দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতা :১২ বছরে আপনার থেকে জনগণ যা পাবার অনেক পেয়েছে। আপনার উচিত বিশ্রামে যাওয়া। নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া। শুভ কামনা।
সাধারণ জনগণ :শুভ কামনা ভাই/ শুভেচ্ছা/ অভিনন্দন।
কতিপয় ফেক একাউন্ট :আপনি কি করোনা থেকে মুক্ত থাকার মাস্ক খুঁজছেন। আমরা দিচ্ছি খুবই ভালো মাস্ক। যোগাযোগ করুন ইনবক্সে। লাইক দিয়ে পাশে থাকুন।
দলীয় নারী নেত্রী :ওমা, ঠাট্টা ভাইয়া আপনার ক্ষমতা গ্রহণের ১২ বছর পূর্ণ হয়ে গেলো। টেরই পেলাম না। আসলে চারিদিকে উন্নয়নের স্রোতে সময়ের স্রোত বুঝে উঠতে পারিনি।
কতিপয় সচেতন ব্যক্তি :ভাই আমার ওমুক এলাকার, অমুক গলিতে গ্যাসের লাইনে সমস্যা। গ্যাস থাকে না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়াও আরো শত শত কমেন্টে পালিত হতো ঠাট্টা-নেতার ১২ বছর পূর্তি।
ঢাকা।
