বিনোদন ডেস্ক
নায়িকা হিসেবে জনপ্রিয় হলেও গান দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন বলিউড তারকা পরিনীতি চোপড়া।
সম্প্রতি গাড়িতে বসে ভাই শিবাঙ্গ চোপড়ার সঙ্গে খালি গলায় ‘তেরি আখো কে সিবা, দুনিয়া মে রাখা কেয়া হে’ গাইলেন পরিনীতি চোপড়া। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। পরিনীতি যে ভালো গান করেন, তা হয়তো অনেকেই জানেন। ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটির মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন পরিনীতি চোপড়া। একই ছবিতে ‘আফিমি’ বলেও একটি গান করেছেন পরিনীতি। ২০১৯-এর ‘কেশরী’ ছবিতেও ‘তেরি মিট্টি’ গানটি গান পরিনীতি চোপড়া। তবে এরপর আর বলিউডের ছবিতে তার গলায় সেভাবে গান শোনা যায়নি। তবে পরিনীতি যে আবারও ছবিতে গান গাইতে চাইছেন সেটা তার ইনস্টাগ্রাম পোস্টের লেখা থেকে স্পষ্ট। ভাই শিবাঙ্গ চোপড়ার সঙ্গে গাড়িতে যেতে যেতে নিজের খালি গলায় গান গাওয়ার ভিডিও পোস্ট করে অভিনেত্রী তথা গায়িকা লিখেছেন, ‘আমরা যেকোনো সময়, যেকোনো জায়গায় গান গাইতে পারি, এখন অপেক্ষায় আছি কোনো সংগীত পরিচালক আমাদের এই প্রতিভা আবিষ্কার করবেন এবং আমাদের কোনো ছবিতে গান গাওয়ার সুযোগ দেবেন। কেউ কী শুনছেন? আমাদের যথেষ্ট আগ্রহ আছে, আমরা পরিশ্রম করতেও রাজি। আর কাজ করতে গিয়ে কোনোরকম গোলযোগ করবো না।’ নিজের এই পোস্টটির নিজে বলে একটি হ্যাশট্যাগও দিয়েছেন তিনি। পরিনীতি চোপড়া মিউজিক নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণও রয়েছে। তিনি বলেন, ‘গান আমার কাছে সবসময় বিশেষ কিছু। অভিনয় নিয়ে কতটুকু কী করতে পেরেছি জানি না। তবে গায়িকা হলে হয়তো আরও জনপ্রিয়তা পেতাম। নিয়মিত গান এখনও করতে চাই। সেই সুযোগ হবে কি-না জানি না। কারণ অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। তবে একটা সময় গান নিয়ে আমি কাটিয়ে দেবো।’
প্রসঙ্গত, এ বছর ‘সন্দীপ অওর পিঙ্কি ফারার’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সাইনা’, পরিনীতি অভিনীত এই ৩টি ছবি মুক্তির তালিকায় রয়েছে।
