অপরাধের তথ্য জানানোর অ্যাপ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:১৫

আরিফুর রহমান

 

অপরাধ দমন এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কাজে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার ইতোমধ্যেই চোখে পড়লেও এবার এই কাজে যুক্ত করা হয়েছে স্মার্টফোন।

 

হ্যালো সিটি

আমাদের আশেপাশে অনেক সময় বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে। কিন্তু কোনো ঝামেলায় পড়তে হতে পারে, এমন ভয়ে এসব তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অধিকাংশই আগ্রহী হন না। তবে এবার এই সমস্যার সমাধান দিতে এসে গেছে স্মার্টফোন অ্যাপ। ‘হ্যালো সিটি’ নামের এই অ্যাপটি চালু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অ্যাপটিতে আছে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাইবার অপরাধ, বোমা, বিস্ফোরক, মাদক, অস্ত্র, আন্তঃদেশীয় অপরাধ, জালিয়াতির তথ্য জানানোর সুবিধা। এর পাশাপাশি মোস্ট ওয়ান্টেড অপরাধীর তথ্যও প্রদান করা যাবে এখান থেকে। অপরাধের তথ্য জানানোর ক্ষেত্রে অপরাধ সংঘটনের স্থান, এলাকার নাম, থানার নাম এবং এর সাথে সংশ্লিষ্ট ছবি, ভিডিও, অডিও কিংবা ডকুমেন্ট ফাইল সংযুক্ত করা যাবে।  অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/vL2S6K ঠিকানা থেকে।

 

রিপোর্ট টু র্যাব

আপনার আশেপাশের কোনো অপরাধের তথ্য যদি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে জানাতে চান, তাহলে ব্যবহার করতে পারেন ‘রিপোর্ট টু র্যাব’ নামের এই অ্যাপটি। অ্যাপটির মাধ্যমে দ্রুততম সময়ে অপরাধের তথ্য জানানো যাবে র্যাবকে। আর এখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাপটির মাধ্যমে সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী তত্পরতার তথ্য, নিখোঁজ ব্যক্তির তথ্য, খুন, ডাকাতি, মাদক, অপহরণসহ বিভিন্ন অপরাধের তথ্য র্যাবের কাছে পাঠানো যাবে। অপরাধের ধরন নির্বাচনের পর অপরাধ সংঘটনের এলাকা এবং অপরাধের বিস্তারিত তথ্য প্রদান শেষে সেন্ড বাটনে ট্যাপ করতে হবে। তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্যপ্রদানকারীর পরিচয় গোপন রাখা যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/EQ7zMk ঠিকানা থেকে।

 

বাংলাদেশ পুলিশ ফোনবুক

হঠাত্ করেই কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছেন কিন্তু হাতের কাছে নিকটবর্তী থানার ফোন নম্বর পাচ্ছেন না? কিংবা আপনার ধারেকাছেই কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়েছে যা আপনি পুলিশকে ফোন করে জানাতে চান, এমন পরিস্থিতে ওই এলাকার থানার ফোন নম্বর পেতে পারেন খুব সহজেই যদি আপনার স্মার্টফোনে ইনস্টল করা থাকে ‘বাংলাদেশ পুলিশ ফোনবুক’ নামের অ্যাপটি। অ্যাপটিতে পাওয়া যাবে পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রভৃতি শাখার প্রয়োজনীয় সব ফোন নম্বর। প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নম্বরও পাওয়া যাবে এতে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/O9DozB লিংক থেকে।

 

নগর

নাগরিকদের বিভিন্ন সেবা হাতের মুঠোয় নিয়ে আসতে নগর নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অ্যাপটি থেকে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সুবিধা। নাগরিক সেবার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ফিচারও আছে এতে। আপনি কোনো বিপদে পড়লে অ্যাপ থেকে সাহায্য চেয়ে এসওএস ম্যাসেজ পাঠাতে পারবেন যাতে থাকবে আপনার লোকেশন, অডিও বার্তা কিংবা ঘটনার ছবিও। এই ম্যাসেজটি চলে যাবে পুলিশ এবং আপনার বাছাই করা কোনো ব্যক্তির কাছে। অ্যাপটিতে আরও আছে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের গতিবিধি নজরদারি করার সুবিধা যার মাধ্যমে আপনি জানতে পারবেন তারা নিরাপদে আছেন কিনা। এই অ্যাপে আরও পাওয়া যাবে হাসপাতাল, পুলিশ, বাস টার্মিনাল, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি ফোন নম্বর। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/yVQrEQ ঠিকানা থেকে।