বিসিএস নির্বাচনে বিজয়ী ‘সমমনা ৭’ প্যানেল

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:১৫

বাংলাদেশ কম্পিউটার সমিতি বা বিসিএসের ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে সমমনা ৭ প্যানেল। সংগঠনটির কার্যনির্বাহী ৭ পরিচালক পদের মধ্যে ৫টিই পেয়েছে প্যানেলটি। বাকি দুটি পদ পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমমনা ৭ প্যানেল হতে জয় পেয়েছেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট) , স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন(৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) ও কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট) ।

অন্যদিকে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল হতে জয় পেয়েছেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া (৬১৮ ভোট)।

সংগঠনটির কেন্দ্রীয় এই কমিটি ছাড়াও এদিন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন।