মোহামেডান ৪ : ১ উত্তর বারীধারা
স্পোর্টস রিপোর্টার
কুমিল্লায় বসুন্ধরা কিংসের বিপক্ষে মোহামেডান ১-০ গোলে জয়ের ম্যাচে মোহামেডানের মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতের পারফরম্যান্স খুবই বাজে ছিল। গোলের সহজ সুযোগ নষ্ট করার কারণে তাকে সমালোচনা শুনতে হয়েছিল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের জয়ের নায়ক তিনি। গোল করেছেন, গোল করিয়েছেন। মোহামেডান ৪-১ গোলে হারিয়েছে উত্তর বারীধারা ক্লাবকে।
পরপর দুই ম্যাচে ৬ পয়েন্ট পেল মোহামেডান। কালকের জয় নিয়ে মোহামেডানের এখন ৬ খেলায় ১২ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে শেখ জামালও শীর্ষে রয়েছে। গোল গড়ের কারণে জামালের স্থান মোহামেডানের ওপরে।
ম্যাচ জিতে মোহামেডান গ্যালারির কাছে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছে। ক্লাবের সাদাকালো পতাকা হাতে সমর্থককে সঙ্গে নিয়ে খেলোয়াড়েরা হাত ধরাধরি করে জয়োধ্বনি দেয়। এই মোহামেডানকে দেখে প্রশ্ন ওঠে, তাহলে আবাহনীর বিপক্ষে কেন ৪-০ গোলে হারতে হয়েছিল? মোহামেডানের ইংলিশ কোচ শনলেন আত্মসমর্পণ করে বলে দিয়েছেন, সেদিন তার কৌশলে ভুল ছিল। তিন ডিফেন্ডার খেলানোটা ভুল ছিল।
মোহামেডানের শক্তিটা হচ্ছে তাদের দলের খেলোয়ড়েরা ভীষণ পরিশ্রমী। ইংলিশ কোচ শনলেন ভাঙা মোহামেডানকে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন। লিগের প্রথম খেলায় আরামবাগকে হারিয়ে শুরু করেছিল মোহামেডান, এরপর একটা জয় পেলে পরেরটা হারতে হয়েছে। এভাবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে (১-০) এবং আবাহনীর বিপক্ষে (৪-০) হারতে হয়েছিল।
উত্তর বারীধারা ক্লাবের বিপক্ষে মোহামেডানের জয়টা সহজ ছিল না। উত্তর বারীধারা ক্লাব মোহামেডানের আগেই দুবার সহজ গোলের সুযোগ মিস করেছিল। তা না হলে ওরাও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। যদি তাই হতো, তাহলে মোহামেডান পিছিয়ে থাকত শুরুতেই। ভাগ্য ভালো মোহামেডানের, ৩১ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রিকিকের বলটা বারীধারার সুমন রেজা ফেরাতে গেলে গোল হয়ে যায় (১-০)। ৫৩ মিনিটে বারীধারার বদলি মারুফ আহমেদ সমতা আনেন (১-১)। শেষ ৩০ মিনিটে উজ্জ্বল মোহামেডান। দিয়াবাতে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করিয়েছেন বদলি বাপ্পীকে দিয়ে (২-১)। এরপর দিয়াবাতে নিজেই গোল করেন (৩-১)। শেষ গোলটি করেন নাইজেরিয়ান উগুচুকু অবে মোনেকে (৪-১)। এই ফুটবলার মোহামেডানের প্লেমেকার। তার গোলেই বসুন্ধরাকে হারিয়েছিল। উগুচুকু পুরো দলকে খেলান, নিজেও খেলেন। মাঠে তাকে আলাদা করে চেনা যায়। তার খেলা নজর কাড়ে। মোহামেডানের পরবর্তী খেলা পুলিশের বিপক্ষে কুমিল্লায়।
আজকের খেলা :
আবাহনী ও মুক্তিযোদ্ধা। ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী, ৩টা ১৫, নীলফামারী।
