স্পোর্টস রিপোর্টার
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করোনা ভাইরাসের বিস্তার রোধে নেওয়া পদক্ষেপে স্থবির হয়ে পড়ছে ক্রিকেটাঙ্গন। করোনা ভাইরাসের আতঙ্কে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড-শ্রীলঙ্কা, ভারত-দক্ষিণ আফ্রিকার পর গতকাল সকালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ওয়ানডেও বাতিল করে দেওয়া হয়েছে।
একই আতঙ্কে স্থগিত হতে যাচ্ছে আগামী এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। গতকাল পাকিস্তান থেকেই এই তথ্য জানা গেছে। পাকিস্তানের জিও টিভির জ্যেষ্ঠ সাংবাদিক সোহেল ইমরান এমনটা জানিয়েছেন। তিনি জানান, পিসিবি গতকাল এই বিষয়ে মিটিং করেছে। প্রাথমিকভাবে ভেন্যু বদলের চিন্তা করা হয়েছিল। পরে করোনার বিস্তার চিন্তা করে সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ইতিমধ্যে পাকিস্তানের সাংবাদিকরা বিষয়টি বোর্ডের সূত্র মারফত নিশ্চিত হয়েছেন।
যদিও পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানায়নি। আয়োজক পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি।
অবশ্য গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, সফরটি স্থগিত হয়ে যাচ্ছে। পাকিস্তান সফর নিয়ে বোর্ড সভাপতি গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘যত দিন যাচ্ছে তত বাধাগুলো বাড়ছে। তাই এখানে একটা সম্ভাবনা আছে যে এই সিরিজটি অন্য কোনো সময় করতে হতে পারে।’
তবে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘বিসিবির সঙ্গে কথা হচ্ছে ওদের। এখানে আমরা যেটা এখন পর্যন্ত দেখতে পারছি, বিশেষ করে পারিবারিক রেস্ট্রিকশন হচ্ছে যেভাবে চতুর্দিক থেকে, কাজেই অবশ্যই অনিশ্চয়তা তো আছেই। আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে ওদের সঙ্গে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এটা এখনো হয়নি। এটা এখনো প্রক্রিয়াধীন আছে, আমার ধারণা দুই-এক দিনের মধ্যে আমরা আপনাদের বলতে পারব যে কি হচ্ছে। তবে সব জায়গায় পারিবারিক বাধা যেভাবে আসছে এতে খুবই কঠিন।’
সরকার চাইলে জাতির উদ্দেশে করোনা ভাইরাসের সতর্কতার প্রচারণায় ক্রিকেটারদের ব্যবহারে প্রস্তুত বিসিবি। গতকাল নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমার ধারণা এটা হবে, এখন পর্যন্ত সরকার করছে, কাজেই সরকারকেই করতে দেই আমরা। সরকারের যখন যে সাহায্য-সহযোগিতা লাগবে আমরা তা করতে সব সময় প্রস্তুত।’
উল্লেখ্য, এপ্রিলে তৃতীয় দফার এই সফরে করাচিতে স্বাগতিকদের বিরুদ্ধে একটি ওয়ানডে ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টটি খেলার কথা ছিল বাংলাদেশের।
