চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে আপাতত বন্ধ আছে ইউরোপীয় ফুটবল। তবে এই অনাকাঙ্ক্ষিত ‘ছুটি’ শেষে মাঠে ফিরলে পরবর্তী করণীয় কী তা নিয়ে ভাবছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের পরবর্তী রাউন্ডগুলোকে এক লেগে করার চিন্তাও করছে তারা—এমনটাই দাবি ইউরোপীয় সংবাদ মাধ্যমের।
আগামী মঙ্গলবার উয়েফা এক আপত্কালীন সভা ডেকেছে, যেখানে নিজেদের পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসবেন উয়েফার ৫৫টি সদস্য দেশের প্রতিনিধিরা। সঙ্গে ক্লাব প্রতিনিধি ও ফিফপ্রোর এক জন সদস্যও থাকবেন এই আলোচনা সভায়। এখানে স্থগিত হয়ে যাওয়া ইউরো ২০২০-এর পরিবর্তিত সময়ও নির্ধারিত হবে। ইউরোপীয় ক্লাব ফুটবল আসরগুলোর নিয়তিও নির্ধারিত হওয়ার সম্ভাবনা আছে এই সভায়। বলাই বাহুল্য, সভাটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগই বর্তমানে কমপক্ষে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এপ্রিলের শুরুর দিকে করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তবেই মাঠে ফিরবে লিগগুলো। ইংলিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানাচ্ছে, সেক্ষেত্রে ৩০ মে-এর মধ্যেই দুটো ইউরোপীয় প্রতিযোগিতাকে শেষ করতে চায় উয়েফা।
দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল শেষ করার জন্যে দুই মাসেরও কিছু কম সময় বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। সেক্ষেত্রে, দ্বিতীয় রাউন্ডের বাকি চারটি ম্যাচ শেষ করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল এক লেগে আয়োজনের কথাও ভাবছে উয়েফা, এমনটাই জানাচ্ছে মিরর।
তবে মুদ্রার উলটো পিঠে আছে নিয়মিত কাঠামোয় দুটো আসর আয়োজনের সম্ভাবনাও। চলতি বছরের ইউরো এক বছরের জন্য পিছিয়ে যাওয়াতে আসছে জুন জুলাইয়ে মাস দেড়েকের মতো বাড়তি সময় মিলবে ইউরোপীয় লিগগুলোর। সেক্ষেত্রে, নিয়মিত কাঠামোয় দুই লেগের কোয়ার্টার ও সেমিফাইনাল আয়োজনের সম্ভাবনাও আছে। এর আগে গত শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দুটো প্রতিযোগিতাকেই স্থগিত ঘোষণা করে উয়েফা।
