এলাকার লোকদের স্বাস্থ্যহানির কারণ ঘটছে
এনামুল হক, খুলনা অফিস
খুলনা মহানগরীর ১ হাজার ২৫৫টি বাসাবাড়ির সেপটিক ট্যাংক, পিট ল্যাটট্রিন ও তলাবিহীন ল্যাটট্রিনের মল সরাসরি ড্রেনে নির্গত হচ্ছে। ফলে দুর্গন্ধে পরিবেশ দূষণসহ আশপাশে বসবাসকারী প্রতিবেশীদের স্বাস্থ্যহানির কারণ ঘটছে। ২০১৯ সালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
তবে করপোরেশন বলছে, জরিপের সময় অবহিত করায় ৭০৭টি বাড়ির মালিক ল্যাটট্রিন মেরামত করেছে। কিন্তু তলাবিহীন ল্যাটট্রিনের ৫৪৮ বাড়ির মালিককে নোটিশ দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি। ফলে তাদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তির এক মাসের মধ্যে বাড়ির মালিকরা এ নির্দেশ পালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
