ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত গিয়ে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক জন আহত হলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে তা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ১০ কর্মদিবসের মধ্যে ঐ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, দুপুর সোয়া ১টার কিছু পর রাজধানীর মিরপুর-১০ নম্বর ঝুটপট্টির একটি গুদামে হঠাত্ আগুন লাগে। আগুন লাগার পরই গুদামে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বিকালে সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা গোডাউন থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ গুদামের মালিক হাফিজুর রহমান বলেন, আগুন বস্তি থেকে ছড়িয়ে তার গুদামে লেগেছে। আগুন লাগার সময় লাঞ্চ ব্রেক চলছিল। এ কারণে সবাই বাইরে ছিল। যে কয়েক জন বাকি ছিল তারাও দ্রুত বের হয়ে যান
