বিশেষ প্রতিনিধি
সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রণীত নতুন সড়ক পরিবহন আইন শিথিল করায় দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গতকাল শনিবার নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইলিয়াস কাঞ্চন বলেন, পরিবহন চালকদের অন্যায্য দাবির মুখে নতুন সড়ক পরিবহন আইন শিথিল করায় চালকদের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ও গাড়ির ফিটনেসের ব্যাপারে তাদের ছাড় দেওয়ায় আগে সড়কে যত মামলা হতো, যত টাকা জরিমানা হয়েছে, নতুন আইন প্রয়োগ করার পরে মামলা ও জরিমানা কমে গেছে। ফলে সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে। এসব কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার আরো কিছু কারণ তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। এ বছরের শুরু থেকে সড়ক দুর্ঘটনা যেহারে বেড়েছে এতে দেশের মানুষ উদ্বিগ্ন বলে জানান কাঞ্চন।
গত জানুয়ারি থেকে সংঘটিত দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করে জানা গেছে, ট্রাক, কাভার্ভভ্যান, পিকআপ ও ভাড়ায় চালিত মাইক্রোবাস বেশি দুর্ঘটনায় পড়ছে। ইদানীং মোটরসাইকেল দুর্ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। সড়ককে দুর্ঘটনামুক্ত করতে জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগ গ্রহণ এবং এক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারের প্রতি জোর দিয়ে কিছু সুপারিশ তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন।
