পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ ঠেকাতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে ভারতীয় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভিসা স্থগিতের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের যাত্রী না পাঠাতে শুক্রবার বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫টার পর থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নতুন করে ভিসা কাউকে দেবে না ভারত সরকার। এছাড়াও এদিন বিকেল ৫টার পর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতীয় নাগরিক ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্টধারী যাত্রীকে গ্রহণ করবে না বলে বুড়িমারী ইমিগ্রেশনকে জানিয়েছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে। বুড়িমারী ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন জানান, বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে ভারত সরকার তাদের দেশে প্রবেশ ঠেকাতে ভিসা বন্ধ করেছে। তবে অন্য দেশের কোনো নাগরিককে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন গ্রহণ করবে না বলে চিঠি দিয়েছে। এছাড়াও যেসব বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ভিসা নিয়ে ভারতে অবস্থান করছে তারা বাংলাদেশে আসতে পারবেন ও যেসব ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে অবস্থান করছে তারাও তাদের নিজ দেশে এ পথ হয়ে ফিরতে পারবেন। ভারত ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীদের নিষেধাজ্ঞা থাকলেও বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
