হোম কোয়ারেন্টাইনে ঝিনাইদহে ১৪ জন

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা এলাকায় একই পরিবারের ১২ জনকে গত বৃহস্পতিবার হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপর দিকে গত বুধবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ইতালি ফেরত এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। জানা গেছে, গোবিন্দ দাস ও নন্দ দাসের বাড়িতে আমেরিকা প্রবাসী এক নারী বেড়াতে আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঐ বাড়িতে যেয়ে পরিবারের ১২ জন সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা খাতুন জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

আখাউড়ায় পাঁচ জন হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও আখাউড়া সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাঁচ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও চার জন পুরুষ। তিন যুবক উপজেলার ধরখার ইউনিয়নের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, গত বৃহস্পতিবার ঐ তিন ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, আখাউড়া উপজেলায় পাঁচ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা সম্প্রতি ইতালি, দুবাই ও সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

নন্দীগ্রামে হোম কোয়ারেন্টাইনে দম্পতি

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার নন্দীগ্রামে ওমরা পালন শেষে বাড়ি ফেরা এক দম্পতিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল। তবে তারা দুই জনই সুস্থ রয়েছেন।

ভোলায় ইতালিফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলা জেলায় ইতালিফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।