হোমিও ওষুধে করোনা ভাইরাস নির্মূল
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
হোমিওপ্যাথি চিকিত্সায় করোনা ভাইরাস নির্মূল সম্ভব এমন প্রচারণায় জনগণকে প্রতারিত করার অভিযোগে ঘিওরে এক চিকিত্সককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার প্রফেসর হোমিও হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোমিও চিকিত্সক ডাক্তার মো. সুলতান উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা বাজার এলাকায় প্রফেসর হোমিও হলের চিকিত্সক ডাক্তার মো. সুলতান উদ্দিন সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হলে হোমিওপ্যাথি চিকিত্সায় এটা নির্মূল সম্ভব এমন লেখা সম্বলিত পোস্টার বিভিন্ন স্থানে দেন। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে প্রতারিত করার অভিযোগে মো. সুলতান উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
