চট্টগ্রাম অফিস
ইপিজেডের একটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা চুরি করে পালিয়ে যাওয়া কর্মচারীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে চুরি করা ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে ঢাকার মিরপুরের একটি হোটেল থেকে তুষার মাহমুদ রাসেল নামের এই কর্মচারীকে গ্রেফতার করা হয়। তুষার বরগুনা জেলার তালতলী গ্রামের সিদ্দিক পালোয়ানের ছেলে। র্যাব-৭ সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, গত বুধবার রাতে ইপিজেডের ‘জিহোং মেডিক্যাল প্রোডাক্ট বিডি লিমিটেড’ নামের কারখানায় টাকা চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত তুষার প্রথমে এই কারখানায় সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। আড়াই মাস আগে তাকে স্টোর সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে কারখানার ভেতর অফিস কক্ষে ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। এসব টাকা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রাখা হয়েছিল। গত ১২ মার্চ ইপিজেড থানায় মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। এরপর অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করা হয়। সে নগরীর মাইলের মাথা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
